আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় একটি দোকানঘর দখল এবং দোকান ছেড়ে দেওয়ার বিনিময়ে চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী সাজিদ খান।
সোমবার (২৭ জুলাই) বিকেলে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে সাজিদ খান অভিযোগ করেন, বাগধা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান খান আপাং তার ভাড়াকৃত দোকানঘর জোরপূর্বক দখল করে রেখেছেন এবং দোকানটি ছেড়ে দেওয়ার জন্য ৫ লাখ টাকা দাবি করছেন। এছাড়া তাকে বিভিন্নভাবে হয়রানি, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, বাগধা বাজারের আরও দুটি দোকানঘর দখল করে ভাড়াটিয়াদের বের করে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও ধর্ষণসহ একাধিক অভিযোগ আগৈলঝাড়া থানায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সাজিদ খান জানান, এ ঘটনায় তিনি আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি তার দখলকৃত দোকানঘর দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, দোকানটি ফিরে পেলে সেখানে নিজেই ব্যবসা পরিচালনা করতে চান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

