Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য ও বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কাঠালিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল রহমান আকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে দাবি করা হয়েছে, তিনি বিএনপির কেউ নন। এ দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে উপজেলা বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে কথা বললে তারা এটিকে জালাল রহমান আকনের ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন এবং এর সঙ্গে উপজেলা বিএনপির সাংগঠনিক অবস্থানের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেছেন।

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে শহীদুল ইসলাম বলেন, তার বাবা মরহুম আদম আলী হাওলাদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে গ্রাম সরকারের দায়িত্ব পালন করেছেন এবং সে সময় রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন। তিনি নিজেও দীর্ঘদিন জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার শ্বশুর মরহুম রফিকুল ইসলাম মিরন সিকদার প্রায় তিন দশক উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

তিনি দাবি করেন, উপজেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তিনি ও তার সমর্থকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দলীয় কর্মকাণ্ডে নিয়মিত আর্থিক সহযোগিতাও দিয়ে থাকেন।

সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় একটি মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।