Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ কোটি বৃক্ষরোপণের রোডম্যাপ, লক্ষ্য ‘সবুজ ক্যাম্পাস’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ১, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে ‘One Student–One Tree’ ও ‘Green Campus–Green Energy’ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে অন্তত ২ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

এ লক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টির বেশি কলেজ এবং প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

পরিকল্পনা অনুযায়ী, প্রতি শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করলে বছরে প্রায় ৪০ লাখ এবং পাঁচ বছরে অন্তত ২ কোটি বৃক্ষরোপণ সম্ভব হবে। একই সঙ্গে রোপণ করা গাছের অন্তত ৮০ শতাংশ টিকিয়ে রাখতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা, জেলা ও বিভাগভিত্তিক পর্যবেক্ষণ এবং জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অঞ্চলভিত্তিক উপযোগী বৃক্ষ নির্বাচন ও রোপণের স্থান নির্ধারণেও দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সভায় ‘Green Campus–Green Energy’ উদ্যোগের আওতায় দেশের কলেজগুলোতে পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়, যাতে কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অবদান রাখা যায়।

 

কর্মসূচি বাস্তবায়নে একটি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দেন উপাচার্য। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে নির্বাচিত কয়েকটি কলেজে পাইলট প্রকল্প চালু করা হবে। পরে পর্যায়ক্রমে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অধিভুক্ত কলেজে সম্প্রসারণ করা হবে।

 

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, ইউনেস্কো চেয়ার (Education for Sustainable Development, Green Skills and Climate Actions) প্রফেসর ড. মোহাম্মদ নুরুন্নবী, জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তা এস. এম. রেজাউল ইসলাম, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন, কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদসহ ইউনেস্কো, জাইকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।