নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, “নান্দাইলবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিদ্যুৎ সরবরাহ ও সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণে আগামী দুই থেকে তিন মাস পরপর নিয়মিত ফলোআপ সভা অনুষ্ঠিত হবে।
সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে নান্দাইলে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হয়েছে। এর ফলে উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সভায় বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের আহ্বায়ক এনামুল হক বাবুল ও যুগ্ম আহ্বায়ক আলম ফরাজী বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, গ্রাহকদের ভোগান্তি এবং সম্ভাব্য সমাধানের বিষয়ে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার, ডিজিএম (কারিগরি) ফেরদৌস আহম্মেদ, এজিএম মো. আব্দুল্লাহ আল নোমান, এজিএম অসীম কুমার দাস, পিজিসিবি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল হক, পিজিসিবি কিশোরগঞ্জের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

