নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নিশান আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত নিশান আলী রাণীনগর উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী কিশোরী নিজ বাড়িতে মাছ ধরার জালের কাজ করছিলেন। সে সময় বাড়িতে আর কেউ না থাকায় সুযোগ নিয়ে নিশান আলী মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে কৌশলে তাকে ঘরের ভিতরে ডেকে নেন। এরপর জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করেন।
ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিশান আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মণ্ডল জানান, ধর্ষণের অভিযোগে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিশান আলীকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। আগামীকাল তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হবে।

