Nabadhara
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পাঁচ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আগস্ট ২, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার পাঁচটি গ্রামের প্রধান কাঁচা সড়ক দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল ইউএনও মো. সাইদুজ্জামান হিমুর কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।

উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগমারা, ঘোলাগাড়ি, রাজবাড়ী, হাতিগাড়া ও খোট্টাপাড়া গ্রামের বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়া জেলা ও শেরপুর উপজেলা শাখার নেতারা।

মানববন্ধনে গ্রামবাসীরা জানান, প্রায় তিন হাজার পরিবারের চলাচলের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা থাকায় বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদায় পরিণত হয়। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সিপিবির শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো বলেন, “শ্রমজীবী ও আদিবাসী অধ্যুষিত এই এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। ২০১২, ২০২১ ও ২০২৫ সালেও প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

স্থানীয় কৃষক ফরিদুল ইসলাম ও আবদুল হামিদ বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে কোনো যানবাহন গ্রামে ঢুকতে চায় না। ফলে কৃষিপণ্য বাজারজাত করতে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। উন্নয়নের সুফল থেকে পাঁচ গ্রামের মানুষ এখনও বঞ্চিত।”

মানববন্ধনে জেলা সিপিবির সভাপতি আমিনুল ফরিদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “গ্রামবাসীর দাবিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সড়কের সবচেয়ে খারাপ ও কাদাযুক্ত অংশে চলাচলের উপযোগী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি পাকাকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।