নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বে অবহেলা, সেবা প্রদানে অনিয়ম, অদক্ষতা এবং দালালের মাধ্যমে কাজ করানোর অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেবা প্রদানে অনিয়ম, দায়িত্বে অবহেলা, অদক্ষতা এবং দালালের মাধ্যমে কাজ করানোর বিষয়ে একাধিক অভিযোগ উঠে আসে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবা দেওয়ার জন্য রাষ্ট্র বেতন-ভাতা প্রদান করে। কিন্তু কেউ যদি দায়িত্বে অবহেলা করেন বা সেবা প্রার্থীদের হয়রানি করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

