ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।

