ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনার পর জব্দ করে থানা প্রাঙ্গণে রাখা হাতিটি আদালতের নির্দেশে মূল মালিকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হাতিটি নওগাঁর ব্যবসায়ী ও মালিক দুলাল দেওয়ানের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় সড়কে হাতি দিয়ে যানবাহন থামিয়ে অর্থ আদায়ের সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ১০ মাস বয়সী আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ হাতিটিকেও জব্দ করে।
পরদিন মাহুত বকুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে হাতিটির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে পুলিশ ও বন বিভাগ আদালতের শরণাপন্ন হয়। এরপর এক সপ্তাহ ধরে হাতিটি সদরপুর থানা প্রাঙ্গণে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়।
থানায় অবস্থানকালে হাতিটির দেখাশোনার জন্য মালিকের পক্ষ থেকে নতুন মাহুত নাজমুল সরদারকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিদিন হাতিটির খাবারের ব্যবস্থা করতে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও মালিকপক্ষকে বেগ পেতে হয় বলে জানা গেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন শাহ বলেন, “মঙ্গলবার (৪ আগস্ট) আদালত হাতিটি মালিকের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। আদালতের লিখিত আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই হাতিটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে।”

