মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর পৌরসভার সৈদারবালী টিভি হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ মো. সাকিব মোল্লা (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাকিব মোল্লাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকরের জন্য তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সাকিব মোল্লা মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈদারবালী টিভি হাসপাতাল রোড এলাকার চুন্নু মোল্লার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-৪৮/২০২৬।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

