নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:ষ
নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, অযৌক্তিক বিল প্রত্যাহার, জ্বালানির মূল্য কমানো এবং লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে আয়োজিত মানববন্ধনে জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন, মহানগর সেক্রেটারি আ.স.ম. ফারুক, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. শফিউদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগরের সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, মেট্রো সদর থানা আমীর অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান, সেক্রেটারি মো. রবিউল হকসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের অধিকাংশ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট বিরাজ করছে। এতে আবাসিক গ্রাহকরা রান্নার কাজে চরম দুর্ভোগে পড়ছেন এবং শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— আবাসিক ও শিল্পখাতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং বন্ধ করে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক বিল প্রত্যাহার ও সংশোধন, গ্যাস-বিদ্যুতের মূল্য কমানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে জনজীবন ও শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

