গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসীদের অর্থায়নে গোয়ালন্দ ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে বুট ও জার্সি বিতরণ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রবাসী দাতা সদস্যদের অর্থায়নে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণে অর্থ সহায়তা করেন উপজেলার হাউলী কেউটিল এলাকার বাসিন্দা ওমানপ্রবাসী মো. শহিদুল ইসলাম এবং কৃঞ্চতলা হাউলী কেউটিল গ্রামের বাসিন্দা সিঙ্গাপুরপ্রবাসী মো. মিরাজ বিশ্বাস।
গোয়ালন্দ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সদস্য ওমানপ্রবাসী মো. শহিদুল ইসলাম, দাতা সদস্য সিঙ্গাপুরপ্রবাসী মো. মিরাজ বিশ্বাস, ফুটবল একাডেমির সহসভাপতি মো. ফারুক মোল্লা, কোচ নিত্যানন্দ নন্দী নৃত্য, সহকারী কোচ আরিফ হোসেন নারু, সহকারী কোচ মো. এরশাদ মন্ডলসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুটবলার মো. রেজাউল করিম।
বুট ও জার্সি বিতরণ প্রসঙ্গে গোয়ালন্দ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন বলেন, “এমন মানবিক দাতা সদস্য আছেন বলেই গোয়ালন্দের মাটিতে এখনো ফুটবল খেলা চলমান রয়েছে। তাঁদের মতো কিছু মানবিক প্রবাসীর সহযোগিতায় আমরা নিয়মিত ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করতে পারছি। এমন মানবিক উদ্যোগের জন্য তাঁদের দুজনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।”
আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহের উদ্যোগ অব্যাহত থাকবে।

