কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। বিদ্যালয়টি থেকে ৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে ২১ জন। ফলে উত্তীর্ণ হয়েছে মাত্র ১৩ জন।
সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি জানাজানি হলে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মণ্ডল বলেন, প্রতিবছরই হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে। এবারও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল। কিন্তু ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন অকৃতকার্য হওয়ায় ফলাফল আশানুরূপ হয়নি।
তিনি দাবি করেন, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কয়েকজন শিক্ষার্থী রাজনৈতিক চাপ সৃষ্টি এবং আত্মহত্যার হুমকি দিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেয়। তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কারণেই ফলাফলে এমন বিপর্যয় হয়েছে বলে তিনি মনে করেন।
প্রধান শিক্ষক আরও বলেন, ভবিষ্যতে বিদ্যালয়ের ফলাফল উন্নত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিন বলেন, হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় ও পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। কেন এমন ফলাফল হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে উপজেলার বৈকন্ঠপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়েও ফলাফল আশানুরূপ হয়নি। বিদ্যালয়টি থেকে ৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ২২ জন। ফলে অকৃতকার্য হয়েছে ১৪ জন।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়গুলোর ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে শিক্ষার্থীদের পাঠদানে বিশেষ নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

