ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত রেখেছে ফরিদপুর পৌরসভা। এরই ধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জনতা ব্যাংকের মোড়, নিউ মার্কেট এলাকা, চকবাজার, থানা রোড, মহাকালী পাঠশালার মোড়, বলাকা সুপার মার্কেট, ময়রাপট্টিসহ বিভিন্ন সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকি। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) সৈয়দ মোহাম্মদ আশরাফ, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজু এবং সহকারী প্রকৌশলী আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। নতুন করে কেউ ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা বা অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, ফুটপাত দখলমুক্ত থাকলে পথচারীদের চলাচল সহজ হবে এবং শহরের যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে। তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত রাখার দাবি জানান।

