মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবনে বৈদ্যুতিক আলোকসজ্জার কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত আদিব শেখ (২০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে দুর্ঘটনার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে তার মৃত্যু হয়।
নিহত আদিব শেখ মধুখালী পৌরসভার শ্রীপুর গ্রামের আনোয়ার শেখের একমাত্র ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মধুখালী বাজারের একটি চারতলা ভবনে বৈদ্যুতিক আলোকসজ্জার কাজ করছিলেন আদিব। এ সময় অসাবধানতাবশত তিনি ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে তার মৃত্যু হয়।
আদিবের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

