আহমেদ সিফাত,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়ি থেকে রিয়া মনি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কিছুক্ষণ আগে নানীর মোবাইলের ইমু নম্বরে একটি ভিডিও পাঠিয়েছিলেন তিনি। ওই ভিডিওতে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা বলেছেন বলে পরিবারের দাবি। এ ঘটনায় তরুণীর মৃত্যু নিয়ে পরিবারের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের কলাকূপা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীর মেয়ে। তাঁর স্বামী ঢাকায় থাকেন। প্রায় ১৫ দিন আগে স্বামীর বাসা থেকে বেড়াতে নানার বাড়িতে আসেন তিনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে খাবার শেষে রিয়া তাঁর মামাতো বোনের সঙ্গে একটি টিনের ঘরে ঘুমাতে যান। ঘুমানোর আগে তিনি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে তাঁর মামাতো বোন ঘুমিয়ে পড়েন।
রাত ১২টা ৪ মিনিটের দিকে রিয়া তাঁর নানীর মোবাইলের ইমু নম্বরে একটি ভিডিও পাঠান। পরিবারের দাবি, ওই ভিডিওতে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা বলেন তিনি। এরপর রাত আনুমানিক দেড়টার দিকে মামাতো বোনের ঘুম ভাঙলে বাতি জ্বালিয়ে রিয়াকে ঘরের বাঁশের ধরনার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাঁর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে রিয়ার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রিয়ার বাবা জানান, মেয়ে স্বামীর বাসা থেকে বেড়াতে নানার বাড়িতে এসেছিল। মৃত্যুর আগে নানীর মোবাইলে ভিডিও পাঠিয়ে কাউকে দায়ী না করার কথা বলেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি জানেন না।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের দেওয়া তথ্যসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

