নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর শহরের দীর্ঘদিনের যানজট ও নাগরিক দুর্ভোগ কমাতে রাজবাড়ী রোড মহিলা কলেজ থেকে শিববাড়ী মোড় পর্যন্ত সড়কটি ৬০ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক ভাওয়াল রাজদীঘির সৌন্দর্যবর্ধন ও আশপাশের এলাকার নান্দনিক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বুধবার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার ও জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া রাজবাড়ী রোড মহিলা কলেজ থেকে শিববাড়ী মোড় পর্যন্ত সড়কটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তাঁরা সড়কের উভয় পাশের জায়গা পরিমাপ ও সম্ভাব্য সম্প্রসারণের স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।
তিনি জানান, তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে কলের বাজার থেকে সড়কটি ৬০ ফুট প্রশস্ত করে রাজবাড়ী রাজদীঘির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পূবাইল নীলেরপাড়া হয়ে সড়কটি মহিলা কলেজের রাজবাড়ী সড়কের সঙ্গে যুক্ত হয়ে হানগাটা হয়ে সিলেট রুটের সঙ্গে মিলিত হবে। এছাড়া গাজীপুর জজ কোর্ট এলাকার সড়কটি ৪০ ফুট প্রশস্ত করে শ্মশানঘাট এলাকায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রশাসক আরও বলেন, ভাওয়াল রাজদীঘিকে ঘিরে সৌন্দর্যবর্ধন ও নাগরিক সুবিধা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে সেখানে শিশু পার্কসহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করা হবে। এ বিষয়ে ডুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন।
তিনি জানান, গাজীপুর শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় রেলক্রসিং এলাকায় ওভারব্রিজ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। আগামী সোমবার এ প্রকল্পের টেন্ডার লাইভে যাওয়ার কথা রয়েছে।
জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুর শহরের উন্নয়নকে পরিকল্পিত ও সমন্বিত করতে সড়ক প্রশস্তকরণ, যানজট নিরসন এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে ভূমি, সীমানা ও কারিগরি বিষয় যাচাই করে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সড়ক যোগাযোগ ও নগর সৌন্দর্যবর্ধনকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। রাজবাড়ী রোড থেকে শিববাড়ী পর্যন্ত সড়ক প্রশস্ত করার পাশাপাশি ভাওয়াল রাজদীঘির সৌন্দর্যবর্ধন করা হলে এলাকাটি নগরবাসী ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
পরিদর্শনকালে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, এডিসি জেনারেল মো. শাহরিয়ার নজির, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সড়ক প্রশস্তকরণ, ওভারপাস নির্মাণ ও ভাওয়াল রাজদীঘির সৌন্দর্যবর্ধন—এই তিন উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়িত হলে গাজীপুর শহরের যানজট নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নগর সৌন্দর্যে ইতিবাচক পরিবর্তন আসবে।

