নওগাঁ প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে নওগাঁ জেলার সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ ও প্রচারণা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার মশরপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মসজিদ প্রাঙ্গণে দুটি পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদও একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক মো. মারুফ রায়হান, ফিল্ড অফিসার মো. তাওফিকুর রহমান, নওগাঁ সদর ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মুসা, জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃক্ষরোপণ কার্যক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে সারা দেশের মতো নওগাঁ জেলার প্রায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ১৬ হাজার পরিবেশবান্ধব বৃক্ষের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে তাদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাজের প্রতিটি জায়গায় বৃক্ষরোপণ নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

