জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে বাদশা মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বাদশাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মহব্বতপুর ইউনিয়নের পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পদ্মপুকুর মাঠে মাছ ধরতে যাওয়ার পথে রাস্তার পাশে কাদামাখা অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁরা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করে। একই স্থান থেকে আহত অবস্থায় মাজেদুল ইসলামকে জীবিত উদ্ধার করা হয়।
পরে পুলিশ মাজেদুলকে থানায় নিয়ে যায় এবং চিকিৎসার জন্য ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহত মাজেদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে কয়েকজন ব্যক্তি তাঁদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখেন। রাত গভীর হলে মোটরসাইকেলে করে তাঁদের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুরের পদ্মপুকুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পার্শ্ববর্তী এলাকার নয়জন মিলে তাঁদের মারধর করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে কয়েকজনের ডাকাডাকিতে জ্ঞান ফেরার পর পাশে বাদশা মিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানান তিনি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

