ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হায়দার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকার বিআরবি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গোলাম হায়দার ভেড়ামারা পৌরসভার কাচারিপাড়া-খাঁপাড়া এলাকার বাসিন্দা।
স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাগরিবের নামাজের পর ভেড়ামারা দক্ষিণ কেবিনের সঙ্গে সংযুক্ত নিজ ইলেকট্রনিকসের দোকানে বসে ছিলেন গোলাম হায়দার। এ সময় কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকানে ঢুকে তার ওপর হামলা চালায়।
তাদের দাবি, হামলাকারীরা হাতুড়ি, লোহার রড ও লাঠি দিয়ে গোলাম হায়দারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, “ঘটনাটি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

