নিজস্ব প্রতিবেদক
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন শুরু হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালিত হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী। তিনি মাছের প্রজনন ও উৎপাদন রক্ষায় সম্মিলিত উদ্যোগ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পরে মৎস্য খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
ঝালকাঠিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য পক্ষের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। পরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে আধুনিক ও টেকসই মৎস্য চাষের ওপর গুরুত্ব দেন। পরে জেলার চার উপজেলা থেকে নির্বাচিত চারজন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে, র্যালি, আলোচনা সভা এবং সফল তিন মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।রবিবার (১৬ই আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।
রাজশাহীর চারঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ পোনা অবমুক্ত করেন। তিনি পদ্মা ও বড়াল নদীসহ জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং প্রজনন মৌসুমে অবৈধ মাছ শিকার বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সেরা মৎস্যচাষীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তারা নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পরে সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার দেওয়া হয়।
গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর হতে রওয়ানা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সাতক্ষীরার দেবহাটায়ও র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে সভায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারেন্ট ও চায়না দুয়ারি জালের অবৈধ ব্যবহার বন্ধে গুরুত্ব দেওয়া হয়। পরে চারজন সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাকে বিশেষ মৎস্য পুরস্কার দেওয়া হয়।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর প্রতিনিধি সহকারি কমিশনার (ভূমি) মো: সাদমান আকিব।
ফেনীতে র্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভার মাধ্যমে মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে। “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এ প্রতিপাদ্য নিয়ে রোববার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।
নওগাঁর মান্দায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে সভায় স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
নওগাঁর পত্নীতলায়ও জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রুজিনা পারভীন। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয়, মাছের প্রজনন ক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

