হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সীমান্ত এলাকার যুবকদের কারিগরি দক্ষতায় দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’-এর অধীনে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার ২৫ জন প্রান্তিক যুবক অংশ নিয়েছেন।
৫৯ বিজিবি সূত্রে জানা গেছে, মাসব্যাপী এ প্রশিক্ষণে বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি নির্ণয় এবং আধুনিক বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দুইজন অভিজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।
প্রশিক্ষণ উদ্বোধনকালে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার তরুণদের কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে যুবকেরা চোরাচালান ও সীমান্ত অপরাধ থেকে দূরে থেকে বৈধ কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

