Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গার জেলেদের ভিজিএফ নিশ্চিতের দাবি, প্রয়োজনে মন্ত্রণালয়ে যাওয়ার ঘোষণা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

‘মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে জেলেদের ভিজিএফ কার্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। প্রয়োজন হলে জেলেদের ন্যায্য অধিকার আদায়ে মন্ত্রণালয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, মা মাছ ও পোনা রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাছ ধরা বন্ধ থাকে। ফলে ওই সময় তাদের আয়ের কোনো সুযোগ থাকে না। অথচ আলফাডাঙ্গার জেলেদের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ না থাকা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের অন্তত দুই বেলা খাবারের নিশ্চয়তা দিতে জরুরি ভিত্তিতে ভিজিএফ কার্ড বরাদ্দ করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ডিও পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি নিজে মন্ত্রণালয়ে গিয়ে জেলেদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করবেন বলেও জানান।

আলফাডাঙ্গার মৎস্য খাতের সম্ভাবনার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, এ উপজেলায় স্থানীয় চাহিদার তুলনায় বেশি মাছ উৎপাদিত হয়। জলাশয়গুলো সঠিকভাবে ব্যবস্থাপনা ও উন্মুক্ত করা গেলে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

তিনি আরও বলেন, সরকার ঘোষিত ‘যার জাল, তার জলাধার’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত জেলেদের জলাশয়ে মাছ ধরার সুযোগ নিশ্চিত করতে হবে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। মাছের উৎপাদন বাড়াতে মৎস্য খাতে গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নতুন গবেষক তৈরির উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।

এ সময় বক্তব্য দেন এগ্রিকালচারলিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন ও সেক্রেটারি এস এম হাফিজুর রহমানসহ অন্যরা।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষী হিসেবে অমৃত লাল বিশ্বাস, মোহাম্মদ আলী ও গোবিন্দ বিশ্বাসকে সম্মাননা পদক দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্য দিয়ে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর বিভিন্ন কর্মসূচি চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।