খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আইয়ুব-হিলটপ সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং এর ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বাবুল মিয়া নামে এক ক্রেতা ওই মার্কেট থেকে দুই প্যাকেট দুধ কেনেন। পরদিন একটি প্যাকেটের দুধ তার শিশুকে খাওয়ানোর পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরপর দুধের প্যাকেট পরীক্ষা করে তিনি দেখতে পান, সেটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। বিষয়টি জানিয়ে ১৬ আগস্ট মার্কেট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অভিযোগ করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মার্কেটটিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পায়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
আইয়ুব-হিলটপ সুপার মার্কেটের মালিক আইয়ুব তুষার বলেন, “অভিযান চলছে, চলবে। এটি দেশের প্রচলিত আইন ও নিয়মের অংশ। আমি মনে করি, এ ধরনের অভিযান হওয়া উচিত এবং আমি আইনগত এই কার্যক্রমকে সমর্থন করি।”
তিনি আরও বলেন, মার্কেটে সরবরাহ করা কিছু পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়া কিংবা অন্যান্য সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট সরবরাহকারীদের ইতোমধ্যে আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং চেম্বার অব কমার্সকেও বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি কর্মীদের আরও সতর্কভাবে পণ্য পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ পণ্য আলাদা ও সিল করা উচিত ছিল বলেও স্বীকার করেন তিনি।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, “মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে আইয়ুব-হিলটপ সুপার মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান শেষে জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংসের জন্য সদর উপজেলার শ্রীপুর পৌরসভার ডাম্পিং এলাকায় নিয়ে যাওয়া হয়।

