যশোর প্রতিনিধি
যশোর শহরে পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিনের বেলায় অবাধে চলাচল করছে কাভার্ডভ্যান ও বড় ধরনের যানবাহন। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কের ওপর এসব যানবাহন দাঁড় করিয়ে পণ্য ওঠানো-নামানোর কারণে যানজট আরও তীব্র হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে কাভার্ডভ্যান চলাচল করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ শহরবাসীর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর শহরের অপ্রশস্ত সড়কে দিনের বেলায় বড় বড় কাভার্ডভ্যান চলাচল করায় যানজটের মাত্রা বাড়ছে। বিশেষ করে শহরের বিভিন্ন সড়কে কুরিয়ার সার্ভিস ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান দাঁড় করিয়ে মালামাল ওঠানো-নামানো হয়। এতে ব্যস্ত সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
পৌরসভার নিয়ম অনুযায়ী, দিনের বেলায় শহরের মধ্যে কাভার্ডভ্যান ও বড় ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। রাত ৮টার পর এসব যানবাহন শহরে প্রবেশ করতে পারবে। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও বাস্তবে দিনের বেলায় প্রকাশ্যেই কাভার্ডভ্যান চলাচল করতে দেখা যাচ্ছে। এতে পৌরসভা ও ট্রাফিক বিভাগের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
শহরের ষষ্ঠীতলাপাড়ার বসন্তকুমারী রোডের বাসিন্দা নুপুর মন্ডল বলেন, তার দুই মেয়ে নবকিশালয় স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে। প্রতিদিন তাদের স্কুলে আনা-নেওয়ার সময় পায়ে হেঁটে চলাচল করতে হয়। দিনের বেলায় শহরের মধ্যে কাভার্ডভ্যান চলাচলের কারণে যানজট বেড়ে গেছে। অনেক সময় এমন পরিস্থিতি হয় যে পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। দিনের বেলায় শহরের ভেতর কাভার্ডভ্যান ও বড় যানবাহন চলাচল বন্ধ করা জরুরি।
যশোর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, কাভার্ডভ্যানের কারণে আর এন রোডে চলাচল খুবই কঠিন হয়ে পড়েছে। এ সড়কে কয়েকটি কুরিয়ার সার্ভিসের অফিস রয়েছে। তারা মূল সড়কের ওপর কাভার্ডভ্যান রেখে মালামাল ওঠানো-নামানো করে। মূলত এ কারণেই দিনের বেলায় সড়কটিতে যানজট সৃষ্টি হচ্ছে। ট্রাফিক বিভাগ ও পৌরসভার এ বিষয়ে নিয়মিত নজরদারি করা প্রয়োজন।
যশোর তারাপ্রসন্ন মধুসূদন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ খায়রুল আনাম বলেন, আর এন রোডের কাছেই তার প্রতিষ্ঠান। কাভার্ডভ্যানের কারণে এ সড়কে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্কুল ছুটির পর শিক্ষার্থীদের বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়তে হয়। যানজটের কারণে তাদের ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় নষ্ট হয়। এ বিষয়ে ট্রাফিক বিভাগ ও পৌরসভা প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
যশোরের ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, দিনের বেলায় শহরের মধ্যে কাভার্ডভ্যান বা বড় ধরনের যানবাহন চলাচল করলে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, যশোর পৌর এলাকার মধ্যে দিনের বেলায় কাভার্ডভ্যান বা বড় ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। রাত ৮টার পর এসব যানবাহন চলাচল করতে পারবে। নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, দিনের বেলায় কাভার্ডভ্যান বা বড় যানবাহন শহরের মধ্যে চলাচল করলে ব্যবস্থা নেওয়া হবে। তার জানামতে, দিনের বেলায় শহরের মধ্যে কাভার্ডভ্যান বা বড় ধরনের যান চলাচল করে না। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

