Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ-প্রজেক্টর চুরি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ১৮, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ, প্রজেক্টর, স্পিকার, সততা স্টোরের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন জানান, প্রতিদিনের মতো রোববার বিকেলে বিদ্যালয়ের কার্যক্রম শেষে অফিস কক্ষ বন্ধ করে শিক্ষকরা চলে যান। সোমবার (১৭ আগস্ট) সকালে সহকারী শিক্ষক নূসরাত জাহান জেনি বিদ্যালয়ে এসে কেচি গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে অফিস কক্ষের দিকে যাওয়ার সময় দরজার তালা ভাঙা দেখতে পান। বারান্দার পকেট গেটের তালাও ভাঙা ছিল। বিষয়টি তিনি ফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান।

খবর পেয়ে দ্রুত বিদ্যালয়ে এসে অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, আলমারির দরজা ও সব কটি ড্রয়ার খোলা। গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে তল্লাশি করে বিদ্যালয়ের ল্যাপটপ, শিশুদের হাতে-কলমে শেখানোর কাজে ব্যবহৃত প্রজেক্টর, স্পিকার, সততা স্টোরের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন বলেন, “ল্যাপটপ, প্রজেক্টর, সততা স্টোরের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। শিশু শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর প্রজেক্টরটিও নিয়ে গেছে, তাদের এতটুকু দয়াও হলো না।”

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান, দেওতলা গ্রামের ইতিহাসে বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা এবারই প্রথম। এলাকায় মাদকাসক্তদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার জানান, উপজেলায় মোট ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪৭টিতে নৈশপ্রহরী রয়েছেন। বাকি ৮২টি বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। গত মাসেও আরও দুজন নৈশপ্রহরী চাকরি ছেড়ে চলে গেছেন।

তিনি বলেন, “আমি এখানে যোগদানের মাত্র পাঁচ মাস হয়েছে। এর মধ্যে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি বিদ্যালয়ে নৈশপ্রহরীর ব্যবস্থা করা হলে কিংবা বরাদ্দ দিয়ে শূন্য পদগুলো পূরণ করা হলে এ ধরনের চুরি কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব হতো।”

দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।