মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ট্রাকের চাপায় ইউনুস আলী (৪৬) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মনিরামপুর পৌরশহরের গোহাটা মোড়ে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল এলাকার আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি শ্যামকুড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মনিরামপুর পৌরশহরের দক্ষিণ পাশে ইউনুস আলীর কোমল পানীয়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে গোহাটা মোড়ে পৌঁছালে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

