ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিঙে ধাক্কা লেগে নাফিজ শেখ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন শেখ (১৯) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। আহত সুমন শেখ একই গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাফিজ ও সুমন মোটরসাইকেলে করে বিশ্বরোড গোলচত্বর থেকে উল্টো পথে মালীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে সেটি সড়কের পাশের রেলিঙে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাফিজ শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুমন শেখের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া সড়ক দুর্ঘটনায় নাফিজ শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

