দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে মো. একরাম মোল্লা (৭৪) নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী মো. একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে এবং সম্পর্কে ধর্ষিতার আপন বৃদ্ধ ফুফা।
আদালত সুত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকালে একরাম মোল্লার বাড়িতে আশ্রয় নেয়া ১৪ বছর বয়সী মানুষিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি প্রতিবন্ধী কিশোরী তার মাকে জানালে ধর্ষিতা কিশোরীর মা বাদি হয়ে ভেড়ামারায় থানায় বৃদ্ধ একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষনের মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর আসামী একরাম মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন-২০০০ এর সংশোধনী-২০০৩ এর ৯(১) ধারার অপরাধের অভিযোগ এনে ভেড়ামারা থানার এস আই মো. জাহাঙ্গীর আলম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) এ্যাডভোকেট আলহাজ্জ মো. আব্দুল মজিদ জানান, ভেড়ামারা থানার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় জড়িত আসামাী একরাম মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

