Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, অবৈধ সয়াবিন ও সরিষার তেল বিক্রিতে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ১৮, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কাশিমপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই গাজীপুরের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, পশ্চিম পানিশাইলের মেসার্স মক্কা সুপার অয়েল মিল ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি ও বিতরণের ক্ষেত্রে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স গ্রহণ করেনি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই প্রতিষ্ঠানের উত্তর পানিশাইলের ইউনিটে সয়াবিন তেল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মোড়খান চত্বর এলাকার লালমনিরহাট ভ্যারাইটিস স্টোরে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রি ও বিতরণের অভিযোগে ১ লাখ টাকা এবং মাধবপুরের ২ নম্বর ওয়ার্ডের সিকদার কনজ্যুমার প্রোডাক্টসকে একই অভিযোগে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই গাজীপুরের উপপরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) মো. রিয়াজ হোসেন মোল্লা, মোহাম্মদ পারভেজ মিয়া, প্রকৌশলী ফাহাদ আহমেদ ও প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী উপস্থিত ছিলেন।

অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও র‍্যাব-১-এর একটি দল সার্বিক সহযোগিতা করে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিতকরণ এবং অনুমোদনহীন বা মানহীন পণ্য বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।