পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে অধিকারবঞ্চিত, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়নে ‘মা ছাগল পালন কর্মসূচি (বিশেষ)’ এর আওতায় সুফলভোগী নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ফেডারেশন মাঠে বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর অর্থায়নে প্রকল্পের প্রথম পর্যায়ে ১৭ জন দরিদ্র নারীর হাতে দুইটি করে মা ছাগল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।
ফেডারেশন চেয়ারম্যান মো. আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী, হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য তরিকুল ইসলাম এবং ফেডারেশন সেক্রেটারি আব্দুস সাত্তার।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। ছাগল পালন থেকে অর্জিত আয় তাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটি বাস্তবায়ন করছে হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন।

