কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে র্যালি ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের খুলনা বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান।
তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। শুধু সরকারের ওপর নির্ভর না করে প্রতিটি বাড়ির গৃহস্থ ও নাগরিককে নিজ উদ্যোগে সচেতন হতে হবে। এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে নিয়মিত বাড়ির চারপাশ পরিষ্কার করতে হবে এবং লার্ভা ধ্বংসে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক ময়নুল ইসলাম, ইউনিসেফের খুলনা বিভাগীয় প্রধান ও সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ সিকদার।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন। পরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

