মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শিবচরের দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জঙ্গলের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২৩ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

