মাদারীপুর প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে র্যালিটি বের হয়ে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও দলীয় পতাকা দেখা যায়। তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, সহসভাপতি জামাল খান, সহসাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার ও সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তারা আরও বলেন, দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

