এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বেকার ও কর্মহীন নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তিন মাসব্যাপী সেলাই ও কাপড় কাটিং প্রশিক্ষণ শেষে ৫০ জন নারীর মাঝে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
Wellbeing Bangladesh Society (WBS)-এর উদ্যোগে এবং Global Relief Trust (GRT)-এর অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে বুধবার (১৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টায় বালিয়াডাঙ্গীতে আয়োজিত ‘সেলাই মেশিন ও সরঞ্জাম বিতরণ-২০২৬’ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ নারীর হাতে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. বুলবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. বাবর আলী এবং সঞ্চালনা করেন মুফতি শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে তোলার পাশাপাশি তাদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হলে তারা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। এর মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে উপকারভোগী নারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
সংশ্লিষ্টরা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নেও এ কর্মসূচি ইতিবাচক অবদান রাখবে।

