রাজশাহী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এখন বাংলাদেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। দেশের মানুষ চায় ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্ব, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে।”
জামায়াত আমীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে পারেন। তিনি এসব বন্ধ করতে চাইছেন কি না, সেটিই বড় বিষয়।
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। মানুষের এই আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের জনসাধারণের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
এ ছাড়া বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি।
সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক রোকন উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে বিকেলে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনেও প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

