কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৩০ আগস্ট) ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামের স্বামীর বাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়িতে যাওয়ার পথে স্থানীয় ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে পার্শ্ববর্তী পূর্ববতী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (৩১) তার লোকজনের সহায়তায় তাকে অপহরণ করে। বাজারের পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে আট দিন ধরে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কোটালীপাড়া থানা পুলিশ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামি নাজমুল হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

