মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা ভবনের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মনিরামপুর উপজেলা (পূর্ব) শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ২১৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
এমপি গাজী এনামুল হক বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই চলবে না। মেধা ও নৈতিকতার সমন্বয়ে ইনসাফভিত্তিক দেশ গঠনের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি খলিলুর রহমান, মাওলানা সেলিম জাহাঙ্গীর এবং মনিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি শামীম হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, যশোর জেলা সভাপতি মিনারুল ইসলাম, জেলা সেক্রেটারি আবু জাফর এবং জেলা যুব বিভাগের সভাপতি মনিরুল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম, সততা ও নৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

