স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা তাকে মারধর করেছে বলে জানা গেছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে লোহাগড়া থানা-পুলিশ। আটক সাগর শেখ উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে সাদিয়া আক্তার লামিয়া (২২) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের মা লাভলি বেগমের অভিযোগ, থানার মধ্যে একটি অ্যাম্বুলেন্সে সাদিয়া আক্তার লামিয়ার মরদেহ রাখা ছিল। মধ্যরাতে অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ তার মেয়ের মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করেন।
লাভলি বেগম আরও অভিযোগ করেন, মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করার সময় সাগর শেখ শরীরের কাপড় খুলে ফেলেছিলেন এবং বিষয়টি বাইরে থেকে যেন দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রেখেছিলেন।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সাগর শেখকে মারধর করেন বলে জানা গেছে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সোমবার (৩১ আগস্ট) বলেন, ‘অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করছে। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

