নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। পরে সোমবার বেলা সোয়া ৩টার দিকে পুলিশ মিডিয়া সেলে বিষয়টি জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল ডিবির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে। পরে ডিবির সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান।
এ সময় তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি টিনের বড় বাক্সের ভেতর ১১টি প্যাকেটে রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাহমুদুল হাসান আরও একজনের সঙ্গে যোগসাজশ করে গাঁজার ডিলার হিসেবে কাজ করছিলেন। তাঁর ওই সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাহমুদুল হাসানের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

