Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বুটেক্স প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বুটেক্স প্রতিনিধি

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) নবীন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে বাঁধন বুটেক্স ইউনিটের উদ্যোগে ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা কর্মসূচিতে বিনামূল্যে ৪৩০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় এবং ৯০ জনের ডায়াবেটিক পরীক্ষা করা হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি বলেন, “রক্তের গ্রুপ জানা সবার জন্যই জরুরি। এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের কারও রক্তের প্রয়োজন হলে বাঁধন সবসময় পাশে পাওয়া যায়।” এ সময় শিক্ষার্থীদের চোখ পরীক্ষার জন্য ক্যাম্প আয়োজনের বিষয়েও তিনি আশ্বস্ত করেন।

এ ছাড়া কর্মসূচি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষার্থী কল্যাণ পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তাঁরা নিজেদেরও রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরীক্ষা করান।

বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি পিয়াল আহমেদ বলেন, “জরুরি মুহূর্তে সঠিক সময়ে রক্তের ব্যবস্থা জীবন বাঁচাতে পারে। রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নতুন কর্মী সংগ্রহের লক্ষ্যেই আজকের এই আয়োজন। বুটেক্সের প্রতিটি শিক্ষার্থীকে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফ বলেন, “বুটেক্স বাঁধন ইউনিট নিয়মিত বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং মানবিক কার্যক্রমে সম্পৃক্ত করাও আমাদের অন্যতম উদ্দেশ্য। নতুনদের অংশগ্রহণের মাধ্যমে এ মানবিক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

আয়োজকেরা জানান, মানবতার সেবায় স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা এবং সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই বাঁধনের মূল লক্ষ্য। নতুন শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।