দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে তিনি থানায় উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের রোলকলে অংশ নেন। পরে তিনি উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে সবাইকে অবহিত করেন তিনি।
পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং প্রত্যাশা অনুযায়ী সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি দৌলতপুর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দিয়ে পুলিশ সুপার বলেন, নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

