Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের গাছায় সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। বৃহস্পতিবার তাঁর এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি নিজের বাসায় চলতি মাসে চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বলে দাবি করেন।

বিদ্যুৎ বিলকে অতিরিক্ত উল্লেখ করে ক্ষোভ প্রকাশের একপর্যায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে প্রাথমিকভাবে তথ্য যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সিফাত আব্দুল্লাহর কথাবার্তা ও বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করে কার্যক্রম নিষিদ্ধ একটি গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততার সন্দেহ হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগটি স্বতন্ত্র আইনগত বিষয়। এ বিষয়ে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা তথ্য-উপাত্ত যাচাই করে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কোনো বিষয়কে চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহর বাবার নাম সেকান্দর আলী। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া এলাকায়। বর্তমানে তিনি গাজীপুরের গাছা থানা এলাকায় বসবাস করতেন।

এদিকে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর-২ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাতের মুক্তির দাবি জানিয়ে কয়েকটি পোস্ট দিয়েছেন।

আলী নাসের খান বলেন, সিফাত বিদ্যুৎ বিল ও জ্বালানি সংকটের মতো জনস্বার্থের বিষয় নিয়ে কথা বলেছেন। বক্তব্য দেওয়ার সময় তার কিছু শব্দচয়ন সামাজিকভাবে আপত্তিকর হয়ে থাকতে পারে। তবে এ কারণে একজন তরুণকে গ্রেপ্তারের বিষয়টি মানবাধিকার ও সংবিধান প্রদত্ত অধিকারের আলোকে বিবেচনা করা প্রয়োজন।

তিনি আরও দাবি করেন, সিফাত ইনকিলাব মঞ্চের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি আদমজী কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী বলেও দাবি করেন আলী নাসের খান।

তিনি বলেন, কোনো বক্তব্য আইন লঙ্ঘন করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে একজন তরুণের আইনগত অধিকার নিশ্চিত করাও জরুরি। সিফাতের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উভয় দলের নেতাকর্মীরা থানায় অবস্থান নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।