হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্যাতিত, অসহায় ও দুঃস্থ নারী-শিশুদের মাঝে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মাওলানা কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম, সহকারী সেক্রেটারি দুরুল হোদা আনসারী, শিবগঞ্জ পৌর আমির আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অনুদানের উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে মোট ৮৭ জন অসহায় ও দুঃস্থ নারী-শিশুর প্রত্যেককে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদান প্রদান করা হয়।
অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা সরকারি সহায়তা পাওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

