বাগেরহাট প্রতিনিধি
বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিসের পৌর শাখা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিঠাপুকুরপাড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ।
বাগেরহাট পৌর শাখার সভাপতি মোহাম্মদ উল্লাহ আরেফিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাগেরহাট জেলা সভাপতি আল্লামা আমিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. মো. ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বালী নাসের ইকবাল, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাওলানা বেলাল হোসেন, কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা লোকমানুজ্জামানসহ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাগেরহাটে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

