Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জিসিসি অঞ্চলের দক্ষ জনশক্তির চাহিদা মেটাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয় জরুরি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর শ্রমবাজারে বাংলাদেশের তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে প্রবেশের সুযোগ তৈরি করতে বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, শিল্পখাত ও সরকারের মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে ARISE Bangladesh Foundation আয়োজিত ‘Bangladesh–GCC Workforce & Economic Outlook: Human Capital Opportunities, Market Prospects & the Roadmap for Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আমানুল্লাহ বলেন, বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতায় জিসিসিভুক্ত দেশগুলোতে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, পর্যটন, লজিস্টিকস, নবায়নযোগ্য জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির চাহিদা দ্রুত বাড়ছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা ও প্রশিক্ষণ পেলে এ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠা, তৃতীয় ভাষা শিক্ষা, সফট স্কিল, তথ্যপ্রযুক্তি এবং চতুর্থ শিল্পবিপ্লব সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এই উন্নয়ন গবেষক বলেন, বাংলাদেশ শুধু জনশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে নয়, দক্ষ ও পেশাদার মানবসম্পদের নির্ভরযোগ্য উৎস হিসেবেও বিশ্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে। এজন্য আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমের সঙ্গে বাজারের বাস্তব চাহিদার সমন্বয় করা অপরিহার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, বৈশ্বিক শ্রমবাজারে টিকে থাকতে হলে অদক্ষ ও আধা-দক্ষ জনশক্তি পাঠানোর প্রবণতা থেকে বেরিয়ে এসে দক্ষ জনশক্তি পাঠাতে হবে। এজন্য ‘ডিমান্ড-ড্রাইভেন সাপ্লাই চেইন’ তৈরি করা জরুরি।

তিনি বলেন, বিদেশের শ্রমবাজারে যে ধরনের দক্ষতার চাহিদা রয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ঠিক সেই অনুযায়ী প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। অভিবাসনের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অন্যতম প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, জাপান ও কোরিয়ার মতো দেশে ভাষা জানা থাকলে কর্মসংস্থানের বড় সুযোগ রয়েছে।

এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পলিটেকনিক ও টিভেট (TVET) প্রতিষ্ঠানগুলোতে ‘তৃতীয় ভাষা’ শিক্ষা কর্মসূচি যুক্ত করার কাজ চলছে বলেও জানান তিনি।

ড. মাহ্দী আমিন আরও বলেন, জনশক্তি রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এনএসডিএ (NSDA) ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। তরুণদের মেধা, আকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে রাষ্ট্রীয়ভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষ জনশক্তির বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে ARISE Bangladesh Foundation-এর নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা সংস্থাটির গবেষণালব্ধ তথ্য ও ১০ বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা (রোডম্যাপ) তুলে ধরেন।

উপস্থাপনায় জানানো হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যে গমনকারী বাংলাদেশি শ্রমিকদের ৮১ দশমিক ৬ শতাংশই অদক্ষ। অন্যদিকে, ২০৩০ সালের মধ্যে জিসিসি অঞ্চলে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, নির্মাণ ও লজিস্টিকস খাতে প্রায় ২৫ লাখ দক্ষ পেশাজীবীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, শিক্ষাবিদ ও ব্যবসায়ী খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।