নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, কৃষকদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা সদর।
র্যালিতে উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, তাঁতিদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. এনামুল হক সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ও এস এম আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম, উপজেলা তাঁতিদলের সভাপতি মো. সেকেন্দার আলী, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্রসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

