নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে যে-ই ক্ষমতায় আসুক, পাঁচ থেকে ১০ বছর পর শেখ হাসিনার মতো পরিণত হবে। কারণ বর্তমান ব্যবস্থায় রাষ্ট্রের সব ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত করার সুযোগ রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে গণভোটের রায় বাস্তবায়ন, তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “আমাদের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও বেগম খালেদা জিয়ার সন্তান, আমরা আপনাকে শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে দেখতে চাই না। তাই আমরা আপনাকে সতর্ক করছি। আজ বাংলাদেশে যে সংবিধান, যে রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, এই রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে অটোমেটিক যে যাবে লঙ্কায়, সেই হবে হনুমান। যে ক্ষমতায় যাবে, সেই হাসিনায় পরিণত হবে ৫ থেকে ১০ বছর পর। কারণ সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। এটাই হলো এই ৭২-এর চলমান সংবিধান।”
জুলাই সনদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এক ব্যক্তির হাতে থাকা ক্ষমতা কমিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথা বলা হয়েছে। তার ভাষায়, বর্তমানে রাষ্ট্রপতির তেমন কোনো কার্যকর ক্ষমতা নেই। রাষ্ট্রপতির হাতে কিছু সাংবিধানিক ক্ষমতা থাকা প্রয়োজন।
বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে মামুনুল হক বলেন, জুলাই সনদে বিচার বিভাগ-সংক্রান্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে না রেখে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশনের হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন।
প্রশাসনিক কাঠামো দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, “ক্ষমতাসীন মহল গোটা প্রশাসনকে দলীয়করণ করে। এজন্য বিগত সরকারের আমলে সবাই বলতো, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে হলো পুলিশ লীগ।’ অথচ এই পুলিশ জনগণের বন্ধু হওয়ার কথা। এই পুলিশ দেশের কল্যাণে, আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরপেক্ষভাবে কাজ করার কথা। কিন্তু দলীয়করণের কারণে পুলিশ সেটা করতে পারেনি।”
তিনি আরও বলেন, “আমরা রক্ত দিয়ে যেই জুলাই এনেছি, সেই জুলাইয়ের পরে আর চাই না যে এখন আবার পুরনো দিনের খেলা দেখব—জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদলের পরে জাতীয়তাবাদী পুলিশ দল হবে। সেই দৃশ্য বাংলার মানুষ আর দেখতে চায় না।”
প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে নিরপেক্ষ ও আস্থাভাজন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি নিয়োগ দেওয়ার দাবি জানান মামুনুল হক। তিনি বলেন, এতে দলীয়করণের পথ বন্ধ হবে এবং মেধাবীরা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোয় কাজ করার সুযোগ পাবেন।
বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক শাহের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি ইসরাফিল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা জোবায়ের হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

