জয়পুরহাট প্রতিনিধি
বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপপ্রচার বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট শহরের সদর রোডে জেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুর রহমান চন্দন বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে মৌসুমি পাখিরা দুষ্টুমি বা অপপ্রয়াস চালালে এবং কোনোভাবেই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা কঠোর হস্তে দমন করা হবে।’
মতবিনিময় সভায় জয়পুরহাটের বর্তমান উন্নয়ন, সম্ভাবনা এবং সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন বিএনপির এই নেতা।
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা প্রেসক্লাবের সহসভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহবুদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় স্থানীয় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় বিএনপি নেতা চন্দন এসব বিষয়ে দলের অবস্থান ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।

