দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিরোধী দলের লংমার্চ কর্মসূচির কারণে জ্বালানি অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। তিনি বলেন, বিরোধী দল হিসেবে রাজপথে কর্মসূচি দেওয়ার আগে গত ছয় মাসে তারা কতটুকু সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কথা উল্লেখ করে লংমার্চ কর্মসূচি শুরু করা হলেও এতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় হবে। তার দাবি, এ কর্মসূচিতে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল পুড়তে পারে। এতে জাতীয় সম্পদের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে।
বিরোধী দলের ‘দ্বিতীয় শপথ’ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমেই সরকার প্রয়োজনীয় সংস্কার করতে চায়। তবে যারা অসাংবিধানিক ও অবৈধভাবে দ্বিতীয় শপথ নিয়েছেন, তাদের প্রথম শপথও এর মাধ্যমে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সেখানে অংশ না নিয়ে রাজপথে কর্মসূচি দিচ্ছে, যার ফলে জনগণের ভোগান্তি বাড়ছে।
এর আগে প্রতিমন্ত্রী খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে খোকসা উপজেলা বিএনপির আয়োজিত স্মরণসভায় যোগ দেন। এ সময় এতিম ও হাফেজদের মধ্যে কোরআন শরিফ, বিভিন্ন ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

